২২ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:২৩
লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ১১

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের ছয় দফা বিমান হামলায় হিজবুল্লাহর তিন কমান্ডারসহ ১১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন; যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলায় হিজবুল্লাহর তিন কমান্ডার ও আরো আটজন নিহত হয়েছেন। এতে ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) প্রাথমিক হতাহতের সংখ্যা প্রকাশ করে জানায়, পূর্ব লেবাননের রিয়াক এলাকায় একটি ভবনে চালানো বিমান হামলায় ১০ জনের বেশি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।

পরে জানা যায়, নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৩৫ জন। এছাড়া নিখোঁজদের খোঁজে তল্লাশি কার্যক্রম চলছে।

নিহতদের মধ্যে হিজবুল্লাহর তিন কমান্ডার ছিলেন। তারা হলেন হুসেইন মোহাম্মদ ইয়াঘি, আলি জেইদ আল-মুসাওয়ি ও মোহাম্মদ ইব্রাহিম আল-মুসাওয়ি।

কমান্ডার হুসেইন মোহাম্মদ ইয়াঘির মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তিনি লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় শহীদ হয়েছেন।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান হিজবুল্লাহর অবস্থানসহ পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় মোট ছয়টি বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবে, তা সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী মাঝেমধ্যেই লেবাননে হামলা চালিয়ে আসছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha